
নিষেধাজ্ঞার সময় অসহায় জেলেদের নদীতে নামাচ্ছে কিছু দুষ্ট লোক: মন্ত্রী


নিষেধাজ্ঞার সময় কিছু দুষ্ট লোক তাদের অসাধু পরিকল্পনা ও চিন্তা-চেতনা বাস্তবায়ন করার জন্য দরিদ্র-অসহায় জেলেদের নদীতে নামাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১’ বাস্তবায়ন সংক্রান্ত মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ক কর্মশালায় মন্ত্রী এ মন্তব্য করেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইলিশের স্বাদ পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, আমাদের সবচেয়ে সুস্বাদু ও ভালো মাছ হচ্ছে ইলিশ। ইলিশ মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, এর নিরাপদ আশ্রয় ও নিরাপদ প্রজননের জন্য সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। মা ইলিশ রক্ষা, ইলিশের অভয়াশ্রম সৃষ্টি করা, ইলিশ গবেষণা, জাটকা সংরক্ষণসহ বিভিন্নভাবে আমরা কাজ করছি। ইলিশের পরিসর বৃদ্ধির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের আগ্রহ রয়েছে, পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তারা মিলে ভূমিকা পালন করতে হবে।
রেজাউল করিম বলেন, সম্মিলিত প্রচেষ্টায় অন্যান্য বছরের চেয়ে এবার ইলিশের উৎপাদন বেড়েছে। আমরা চাইব- আগামীতে ইলিশ উৎপাদন আরও বাড়ুক। ইলিশের উৎপাদন এমন একটা জায়গায় আসুক, যাতে গ্রাম-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলের সব মানুষ সুস্বাদু ইলিশের স্বাদ নিতে পারেন। পরিপূর্ণতার সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ইলিশ খেতে পারেন।
সূত্র: যুগান্তর
E/N




























