
১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম


আগামী ১৬ অক্টোবরের মধ্যে শতভাগ শিক্ষার্থীর অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে পাঠদান কার্যক্রম পরিচালনায় একাডেমিক কাউন্সিল প্রণীত ‘লস রিকভারি প্ল্যান’ মেনে চলতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিদ্ধান্তের বিষয়ে ডিনস কমিটি সুপারিশ করে। উভয় সভায় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। ভার্চুয়াল এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একাডেমিক কাউন্সিল প্রণীত ‘লস রিকভারি প্ল্যান’ মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে এ ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ ক্লাস সশরীরে নিতে হবে। এ ছাড়া ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণ ও শিক্ষার্থীদের তত্ত্বীয় কোর্সের জ্ঞানের গুণগত মান বজায় রাখতে একাডেমিক কাউন্সিলের সভায় ব্যাবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর জন্যও একাধিক সেকশন বা গ্রুপ করে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


সুত্র:কালের কন্ঠ
E/N




























