
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের


চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপভ্যান ও অবৈধ ছয় চাকার একটি গাড়ির সংঘর্ষে অহিদুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্যমতে, পিকআপভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের পাশে বসা অহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় অহিদুল মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা নূর নবী মোল্লা। তিনি আহত তোহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।
এদিকে দুর্ঘটনার পর অবৈধ ছয় চাকার গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।


























