
কচুয়ায় উপ-মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথ যাত্রা


চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার জগন্নাথ দেবের রথ যাত্রা উপ-মহাদেশের মধ্যে দ্বিতীয় প্রসিদ্ধ তীর্থস্থান। প্রতি বছরে ন্যায় আষাঢ় মাসে সাচারের ঐতিহাসিক জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হলেও তিথির কারনে অনেক সময় পিছিয়ে যায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী জগন্নাথদেবের ১৫৯ তম সাচার রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে ১ম রথ অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে সম্পন্ন হবে। এ উপলক্ষে সাচার বাজারে বসেছে মাস ব্যাপী মেলা।
এ ব্যাপারে সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু এবং সাধারন সম্পাদক বাসুদেব সাহা শ্রী শ্রী জগন্নাথদেবের ১৫৯ তম সাচার রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।এছাড়াও রথযাত্রাটি নির্বিঘ্নে পরিচালনা করতে সকলের সহযোগিতা চেয়েছেন।


জানাগেছে, কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ ধাম। এটি ছিল তৎকালীন জমিদার বাড়ি। পাশে ছিল জমিদারদের রঙমহল ভবন। যা বর্তমানে স্মৃতি স্বরূপ দাড়িয়ে আছে। এ বাড়িতে বাস করতো জমিদার স্বর্গীয় গঙ্গা গোবিন্দ সেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাচার জগন্নাথ ধাম।
সাচারে জগন্নাথ দেবের রথটি স্বপ্নাদেশ মোতাবেক প্রাপ্ত নিম কাঠ দিয়ে তৈরী। দীর্ঘ প্রায় ৪০ ফুট উঁচু রথটির চারপাশে চার যুগের ভবিষ্যৎ বাণী চিত্র সহ খচ্ছিত ছিল। বর্তমানে যা ক্রমাগতভাবে ঘটে আসছে। সেই ঐতিহাসিক রথটি পাক বাহিনীর হাতে ধংস হলেও (মূর্তি) বিগ্রহ গুলো নষ্ট হয়নি। দীর্ঘকাল বাাঁশ দিয়ে রথ নির্মান করে রথ উদযাপন হতো। চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এমপি উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম সাচারের ঐতিহাসিক জগন্নাথ দেবের রথটি মালয়েশিয়া থেকে নিম কাঠ সংগ্রহ করে পূনঃনির্মান করে দেন। এবারের রথ উদযাপন উৎসবেও তিনি সকল ভক্তদের সাথে কুশল বিনিময় করবেন বলে জানা গেছে।








