৮ বছর পর চাঁদপুর মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু, সাইনবোর্ড স্থাপন

Reporter
গাজী মো. সবুজ
আপডেটঃ জুলাই ১২, ২০২৬ | ৫:০৭
Link Copied Successfully!

আট বছর পর অবশেষে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজ আমরা চাঁদপুর মেডিকেল কলেজের সাইনবোর্ড স্থাপন করতে পেরেছি। এ জন্য আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যিনি চাঁদপুর মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছেন। এখনও কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে। এখানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় সেসব কাজও সম্পন্ন হবে বলে আমি আশা করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ডা. হারুন সাহেবকে। তিনি এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমি যখনই ঢাকায় গিয়েছি, তখনই তিনি আমাকে বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। এমন একজন প্রকল্প পরিচালক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। আমি তাকে বলব, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এবং যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তারা যেন যথাযথভাবে তাদের ক্ষতিপূরণের অর্থ পান, সে বিষয়েও বিশেষ দৃষ্টি রাখবেন।

এলাকাবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, কারও জমি নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি আমাদের জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো দুষ্টু বা অসাধু মানুষের প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। আমি মনে করি, এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে অন্যান্য ইউনিয়নের তুলনায় বাগাদী ইউনিয়ন অত্যন্ত ভাগ্যবান। এখানে এক পাশে রয়েছে মেরিন একাডেমি, অন্য পাশে নান্দনিক হাসপাতাল, আর এখন মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ হচ্ছে। এই তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এলাকায় ব্যাপক পরিবর্তন আসবে। এটি আপনাদের জন্য একটি সুখবর এবং আপনারাই এর সবচেয়ে বেশি সুফল ভোগ করবেন। এখানে যারা কাজ করতে আসবেন, তারা যেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা পান।

বিজ্ঞাপন

যদি জমি-সংক্রান্ত বিষয়ে কেউ তার প্রাপ্য অর্থ না পান, তাহলে আমার কাছে আসবেন। ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা না করে বড় পরিসরে ভাবুন। শুধু মেডিকেল কলেজ নয়, এর আশপাশে যাদের জমি রয়েছে, তারাও বিভিন্নভাবে উপকৃত হবেন। এখানে বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে উঠবে, যার সুফল এলাকাবাসী ভোগ করবেন। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসবে। আমাদের খুব কাছেই লক্ষ্মীপুর, রায়পুরসহ আশপাশের বিভিন্ন জেলা রয়েছে। হাসপাতালটি যদি সুন্দরভাবে পরিচালিত হয়, আমরা চেষ্টা করব এখানে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দক্ষ চিকিৎসকদের মাধ্যমে ভালো সেবা প্রদান করতে। তখন এ এলাকায় হোটেল, খাবারের ব্যবস্থা, থাকার স্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে উঠবে। আমি সবাইকে এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানাই। পাশাপাশি চাই, প্রকল্পের কাজ দ্রুত শেষ হোক এবং যার যার প্রাপ্য অর্থ সবাই যথাসময়ে বুঝে পাক।

সহযোগী অধ্যাপক (সার্জারি) ও ভাইস প্রিন্সিপাল, চাঁদপুর মেডিকেল কলেজ এবং প্রকল্প পরিচালক ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

ডা. সৈয়দ আহম্মেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেলা নাজনিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. নূরে আলম দ্বীন, চাঁদপুর বেসরকারি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহম্মেদ টিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর চাঁদপুর মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসন নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন হলে চাঁদপুরে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হবে।

এসময় বক্তারা জানান, ২০১৮ সালে অনুমোদন পাওয়া মেডিকেল কলেজটিতে ২০১৯ সাল থেকে পাঠদান শুরু হয়। এরপর থেকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চতুর্থ তলা ও একটি ভাড়া বাসায় কলেজের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে বলে জানান প্রকল্প পরিচালক।

দীর্ঘদিন পর নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা