
হাজীগঞ্জে পোস্ট অপারেটিভ রুম ও দক্ষ নার্স না থাকলে প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশন বন্ধ: টিএইচও


চাঁদপুরের হাজীগঞ্জে- ১৫ টি প্রাইভেট হাসপাতাল রয়েছে। প্রত্যেকটিতে নিয়মিত হচ্ছে সিজার অপারেশন। এতে মাঝেমধ্যেই বসছে দূর্ঘটনা। এছাড়া ডায়াগনস্টিক রয়েছে ১৭টি। হাসপাতাল ও ডায়াগনস্টিক মিলে মোট সংখ্যা ৩২টি।
সম্প্রতি হাজীগঞ্জ শাহ মিরান হাসপাতালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চরম তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রসূতির মা বাদী হয়ে হাসপাতালের ডাক্তার পরিচালকসহ ৭ জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় মামলা করেছন। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
আজ মঙ্গলবার ৩০ জুন ২০২৬খ্রী. হাজীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।


উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (টিএইচও) ডা. আহম্মেদ তানভীর হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ রহিম পাটওয়ারী, প্রেসকাবের সভাপতি মো. খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সভায় টিএইচও ডা. আহম্মেদ তানভীর হাসান জানান, শাহ মিরান হাসপাতালের প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রাণালয়ের নির্দেশে জেলা ও উপজেলার ডাক্তারদের নিয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ঐ টিমে হাজীগঞ্জের একমাত্র আমি আছি। গতকাল সোমবার তদন্ত টিম ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে গেছেন। পোস্ট মোর্টেম রিপোর্ট আসার পর সার্বিক বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।
তিনি আরও বলেন বিষয়টির প্রেক্ষিতে আমি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে গত ২২ জুন সকল প্রাইভেট হাসাপাতালকে চিঠি ইস্যু করেছি। অতি দ্রুত সময়ের মধ্যে যদি প্রাইভেট হাসপাতালগুলো পোস্ট অপারেটিভ রুম ও দক্ষ নার্স ব্যবস্থাপনা না করে, তাহলে সিজার অপারেশন বন্ধ করে দেওয়া হবে। চিঠিটি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে আমি ট্যাগ করে দিয়েছি।
এছাড়া আইন-শৃঙ্খলা সভায় মাদক প্রতিরোধ ও আসন্ন এইচএসসি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়। মাদক প্রতিরোধে সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের প্রতিরোধ কমিটি গঠন ও গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক নির্মূল করা জন্য থানা প্রশাসন ও প্রতিরোধ কমিটি কাজ করবে। আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছার জন্য হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বিশেস ব্যবস্থা গ্রহণ করা হবে।








