জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে এক অসুস্থ ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে “দোয়েল পাখি-৮” নামের যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন।
এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পৌঁছে অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাকে সিভিল অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ড জানায়, জনসেবায় তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।