POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমনে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৫, ২০২৬ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

চাঁদপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ।

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল, সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর এই সফরকে চাঁদপুরবাসীর জন্য আনন্দের ও আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর জেলার উন্নয়ন ও সম্ভাবনার নতুন বার্তা বহন করবে। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চাঁদপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইপিজেডসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার অবহেলিত জনপদে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর এই আগমনের পেছনে বিশেষ করে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। এজন্য গণঅধিকার পরিষদ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে কোনো প্রধানমন্ত্রী জেলা সফরে এলে হাজার হাজার গেট, ফেস্টুন, ব্যানার ও পোস্টারে পুরো এলাকা ছেয়ে যেত। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে সেই চিত্র না থাকলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও আস্থা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, টেকসই উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া মানবসম্পদ উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন অভিযাত্রার বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পরিশেষে নুরুল হক নূর এবং চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন