POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১০, ২০২৬ | সময়: ১২:৪৫ অপরাহ্ণ

সপ্তাহব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ দেশব্যাপী পালন শুরু হচ্ছে আজ। এটি চলবে ১৬ মে পর্যন্ত। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’।

নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিবছরের ন্যায় এবারও নৌ নিরাপত্তা সপ্তাহ পালনে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নৌযান মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নৌ নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য।

পাশাপাশি নৌ পথে চলাচলকারী লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ সকল ট্রলারকে আবহাওয়ার নির্দেশনা মানতে ও এ বিষয়ক সচেতনতা মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে।

রাজধানীর রমনায় ৩৬ ইস্কাটন গার্ডেন রোডস্থ লেডিস ক্লাবে নৌপরিহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নদীমাতৃক বাংলাদেশে নৌপথ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতি বছর নৌদুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে মনে করছে নৌপরিবহন অধিদপ্তর।

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি, লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ।

নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, দক্ষ চালক নিয়োগ, যাত্রী ধারণক্ষমতা মেনে চলা এবং জরুরি উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে নৌযান মালিক, শ্রমিক, মাঝি, যাত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও নদীপথে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৌযান পরিচালনায় আইন ও বিধিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হবে।

নৌ নিরাপত্তা সপ্তাহ যথাযথভাবে বাস্তবায়ন হলে যাত্রীসেবা উন্নত হবে এবং নৌপথে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন