POPULAR BD NEWS
Popular BD News Logo

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬ | সময়: ৮:১৬ অপরাহ্ণ
চাঁদপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোট।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

 

পরে সাধারণ মুসল্লীসহ শহরের বিভিন্ন মার্কেট ও যানবাহন চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন জোটের নেতারা।

 

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী।

 

দেশব্যাপী ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নেতারা বলেন,১২ ফেব্রুয়ারি সালের নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও বিএনপি সরকার তা অমান্য করেছে।

 

১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ নিলেও বিএনপি সংস্কার পরিষদের শপথ বর্জন করে গণরায়কে প্রত্যাখ্যান করেছে।

 

পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার অধিবেশন আহ্বানের দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে ১৫ মার্চ সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়, যা তারা “লোকদেখানো উদ্যোগ” বলে আখ্যায়িত করেন।

 

জোটের নেতারা বক্তব্যে বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে জনগণের রায় উপেক্ষা করা হলে দেশ সংঘাতের দিকে ধাবিত হতে পারে। এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জনগণের অধিকার রক্ষায় সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি রাজপথে গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, শহর জামাতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন, সহ সেক্রেটারি মো. সবুজ খান সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন