POPULAR BD NEWS
Popular BD News Logo

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের মন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬ | সময়: ১০:৩২ পূর্বাহ্ণ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) পা‌কিস্তা‌নের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জা‌নি‌য়ে‌ছে দেশ‌টির ঢাকার হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দে‌শের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দে‌বেন।

তি‌নি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ ও মন্ত্রিসভার সদস্যরা। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যরা আর বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন ।

সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্যরা শপথ নেবেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একইদিনে এ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন