POPULAR BD NEWS
Popular BD News Logo

সাবেক স্ত্রীর মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬ | সময়: ৫:২৩ অপরাহ্ণ

অবশেষে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলা থেকে স্থায়ী জামিন পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (২১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত মামলার শুনানি শেষে এই জামিনের আদেশ দেন। বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের ২৩ জুন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন রিয়া মনি। এরপর বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের নামে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। সেই মামলা থেকে অবশেষে স্থায়ী জামিন পেলেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘অবশেষে আমি মামলাটি থেকে রেহাই পেয়েছি। মামলার সব অভিযোগই আসলে মিথ্যে ছিল। সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। শুরুতে তিনি ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ফরমটি গ্রহণ না করায় হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

অবশ্য গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই শঙ্কা কেটে গেলেও পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন