নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ৭ লাখ ৭০ হাজার ফলোয়ার সংবলিত ভেরিফায়েড ফেসবুক পেজ ‘দ্য স্পেস’-এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (২) ও ৯১খ (৩) অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট বিধিমালার ৩, ১৮ ও ৩০ বিধি লঙ্ঘিত হয়েছে।
নোটিশে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউজে অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।