POPULAR BD NEWS
Popular BD News Logo

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫ | সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে গণহত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় ৫টি।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে ৬টি। সবমিলিয়ে আরও ৫৮৬ মামলায় মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার ৩২১টি মামলা হয়েছে, যা সারা দেশের মোট মামলার বড় একটি অংশ।

গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন-পরবর্তী সহিংসতার ঘটনায় আদালত ও থানায় সারা দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়। এখনো বিভিন্ন জেলা-উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য মামলা। যেখানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে। এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন