POPULAR BD NEWS
Popular BD News Logo

শেখ মজিবুর রহমানের মনোনয়ন দাবীতে ট্রেন আটকে বিএনপির মিছিল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫ | সময়: ৯:১৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকেরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে সরারচর বাজার প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে গিয়ে অবস্থান নেয়।

সেখানে বিক্ষুব্ধ সমর্থকেরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি অল্প সময়ের জন্য আটকে দেয়। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। প্রায় ১০ মিনিট ট্রেনটি থেমে ছিল বলে জানা যায়।

জিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘বাজিতপুর-নিকলির মানুষের হৃদয়ের স্পন্দন শেখ মজিবুর রহমান ইকবাল। বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ—এই আসন যেন ছিনতাই না হয়, যেন মর্যাদা হারায় না। আমরা চাই শেখ মজিবুর রহমান ইকবালকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাচ্ছি—অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করুন। যতদিন পর্যন্ত তা না হবে, আমরা রাজপথে থাকব। বাজিতপুর-নিকলির মানুষ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন