POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে অটোচালক হত্যাকাণ্ডে চার যুবক কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫ | সময়: ৯:২৪ পূর্বাহ্ণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোবাইক চালক শাওন কাজী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ৪ আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। শুক্রবার বিকালে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদেরকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

 

তারা হলেন মতলবের ভাংগার পাড়ের মোঃ সাব্বির গাজী (১৯),  পৈলপাড়ার মোঃ আব্দুর রহমান সাইফ (১৯), মোঃ রাব্বি প্রধান হৃদয় (২০) ও দগরপুর গ্রামের মোঃ হাসান প্রধানিয়া সোহাগ (২৪)।  নিহত অটোরিকশা চালক শাওন একই উপজেলার উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।

 

এদিকে বুধবার রাতে যাত্রী সেজে উল্লেখিত আসামীরা অটোবাইক চালক শাওনকে কুপিয়ে হত্যা করে। উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

হাসপাতাল, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন যুবক যুবক যাত্রী সেজে অটোবাইকে করে নারায়ণপুর পৌরসভার চাপাতলী – বাদামতলী সড়কের বাগিচাপুর এলাকায় নির্জন স্থানে নিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে ফেলে রেখে অটোবাইকটি নিয়ে যায়।পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থা বেগতিক দেখে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

 

এ হত্যাকাণ্ডের ঘটনায় অটোবাইক চালক শাওনের মা রোকসানা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন