চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুরে কচুর লতি তুলতে গিয়ে সাপের কামড়ে মনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের কবরস্থান সংলগ্ন একটি জমিতে কচুর লতি তুলছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার বিষয়টি তিনি দ্রুত বাড়িতে এসে সন্তানদের জানালে তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, এ মৌসুমে সাপের উপদ্রব বেশি। সাপে কাটার পর দ্রুত রোগীকে চিকিৎসা না দিলে প্রাণহানির আশঙ্কা বেশি। তাই এ ধরনের ঘটনায় সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো এবং প্রাথমিক সাপে কাটার প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।