POPULAR BD NEWS
Popular BD News Logo

জুলাই অভ্যুত্থান উদ্‌যাপনে নানা কর্মসূচি এবি পার্টির

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৫ | সময়: ৯:২১ অপরাহ্ণ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান উদ্‌যাপনে প্রতীকী রোডমার্চ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ শুক্রবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুলাই স্মরণে প্রতীকী মিছিল, রংপুরে শহীদ আবু সাঈদের কবরে দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের প্রতীকী সম্মাননা প্রদান ও সংবর্ধনা, রায়েরবাজারে গণকবরে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া, আলোচনা সভা, প্রতীকী রোডমার্চ ও পথসভা, স্মারকলিপি প্রদান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন। আগামী ১ জুলাই শুরু হয়ে এসব কর্মসূচি চলবে ৫ আগস্ট পর্যন্ত।

নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়নি উল্লেখ করে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, হাজারো মানুষের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে সিংহাসন ছেড়ে পালাতে হয়েছিল। কাজেই শুধু একটা নির্বাচন করে ক্ষমতায় নতুন সরকার বসলেই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার পূর্ণ হবে না। বরং একাত্তর, নব্বই ও চব্বিশের অঙ্গীকার বাস্তবায়নে সবার ঐকমত্যে পৌঁছার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।

ক্ষমতাসীনরা সব সময় নির্বাচন ছাড়া জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে উল্লেখ করে মজিবুর রহমান বলেন, নব্বইয়ের গণ-আন্দোলনের পর একানব্বইয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, যা সংবিধানে নতুন করে অন্তর্ভুক্ত করতে হয়েছে। নব্বইয়ে তিন জোটের রূপরেখা ঘোষণা করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার ফ‍্যাসিবাদী শাসন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আনোয়ার সাদাত টুটুল, নাসরিন সুলতানা, এ বি এম খালিদ হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল বাসেত মারজান, নারী উন্নয়নবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সত্তার, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন