ময়মনসিংহ, নাটোরসহ ৭ জেলায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া তারাকান্দায় অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত হয় ৩ জন।
আজ শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ার ব্রিজ এলাকায় দুর্ঘটনায় নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। এসময় আহত হয় ৪ জন। তারাকান্দায় বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাটগামী অ্যাম্বুলেন্স ও একটি অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনসহ ৩ জন নিহত হয়। এ সময় আহত হয়েছে ৩ জন।
নাটোরে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে ২ জন। এছাড়া মানিকগঞ্জের সিঙ্গাইরে এক, লালমনিরহাটের পাটগ্রামে এক, সিরাজগঞ্জের কাজিপুরে একজন ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ১ জন এবং জামালপুরে বাস চাপায় একজন নিহত হয়েছেন।