POPULAR BD NEWS
Popular BD News Logo

রূপালি পর্দায় রোমান্সের নতুন ঝড়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০ | সময়: ১১:০৫ পূর্বাহ্ণ

রেলগাড়ির সব কামরা অতিক্রম করে সবশেষে দেখা যায়, অচেনা নতুন এক প্রেমিক প্রেমিকা যুগলকে কামরার দরজায় দাঁড়িয়ে বাইরে প্রাকৃতিক শোভা দর্শনে মুগ্ধ বিস্মিত প্রেমিকা। তারপরেই আবির্ভাব সুদর্শন সুপুরুষ প্রেমিকের। বাইরে থেকে সিঁড়ির পা-দানিতে দাঁড়িয়ে ঝুলে আছে। প্রেমিককে দেখে প্রেমিকার দু’চোখে আনন্দ উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়। দু’জন পরস্পরের বাহুডোরে বন্দী হয়ে রেলগাড়ির দরজায় রোমান্টিক আবেশে হারিয়ে যেতে থাকে।

তেমনি চোখ ধাঁধানো মনকাড়া দৃশ্যগুলো মুক্তি প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘রাধেশ্যাম’ ছবির মোশন পোস্টারটি ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে মুক্তি প্রতীক্ষিত নতুন কোনো সিনেমার মোশন পোস্টার অনলাইনে এত বেশি সংখ্যক দর্শক দেখেননি। দুর্দান্ত নতুন এক প্রেমিক-প্রেমিকা যুগলের অপেক্ষায় সবাই কৌতূহলী হয়েছে। রূপালি পর্দায় রোমান্সের নতুন ঝড় তুলতে আসছেন তারা।

‘রাধেশ্যাম’ ছবিতে সেই ঝড়তোলা প্রেমিক-প্রেমিকা যুগলরূপে যাদের দেখা যাচ্ছে তারা হলেন পূজা হেগড়ে ও প্রভাস। ‘বাহুবলী’ ছবির প্রধান তারকা হিসেবে যাকে সবাই ইতিমধ্যে চিনেছেন বেশ ভালোভাবেই। রোমান্টিক ড্রামা ধাঁচের সিনেমা ‘রাধেশ্যামে’ ভারতীয় সিনেমার ইতিহাসে আরেকটি স্পেশাল মুভি হিসেবে গণ্য হতে আসছে। একই সঙ্গে তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। ১৯৭০-এর দশকে ইউরোপের পটভূমিকায় আবর্তিত গল্পে নায়ক বিক্রমাদিত্যের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। তার প্রেমিক প্রেরণা হয়ে আসছেন পূজা হেগড়ে।

৩০ বছর বয়সী সুন্দরী এই তন্বী অভিনেত্রীকে বলিউডি সিনেমার দর্শকরা এর আগে ‘মহেঞ্জদারো’ এবং ‘হাউজফুল ফোর’ ছবি দুটিতে দেখেছেন। মূলত দক্ষিণী তামিল তেলেগু মালায়লাম সিনেমার অঙ্গনে বিচরণ করছেন তিনি গত বেশ কয়েক বছর ধরে। দক্ষিণী চিত্রলোকে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠিতও করে নিয়েছেন পূজা। তবে তার চোখ এখন বলিউডের দিকে। ‘মহেঞ্জদারো’ ছবিটির মাধ্যমে বলিউডে তার অভিষেক। প্রথম ছবিতেই নায়ক হূত্বিক রোশনকে পেয়েছিলেন তিনি। পিরিওডিক্যাল ড্রামা ধাঁচের ছবিটি দুর্ভাগ্যজনকভাবে সাড়া জাগাতে ব্যর্থ হওয়ায় বলিউডে পূজা শুরুতেই হোঁচট খেয়েছেন। তবে গত বছর কমেডি ধাঁচের ছবি ‘হাউজফুল ফোর’-এ আরো দু’জন নায়িকার সঙ্গে তাকে দেখেছেন দর্শক। এ ছবির ব্যবসায়িক সাফল্য চোখে পড়ার মতো।

‘হাউজফুল ফোর’ ছবির সাফল্য স্বাভাবিকভাবেই অভিনেত্রী পূজার ক্যারিয়ারের পালে হওয়া লাগিয়েছে। এই সময়ের আলোচিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাধেশ্যাম’-এর শুটিং গত বছর শুরু হয়েছিল। ভারতের হায়দরাবাদ, ইতালি ও জর্জিয়ায় ছবিটির শুটিং হওয়ার কথা। গত মার্চে করোনা মহামারির প্রাদুর্ভাব শুরু হলে ছবিটির কাজ থেমে যায়। গত মাসে আবার ইতালির বিভিন্ন জায়গায় ‘রাধেশ্যাম’ ছবির শুটিং শুরু হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন