চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার দিবাগত মধ্য রাতে শহরের কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা সমুদ্র মাল ও রিকশাচালক নিহত হয়। নিহত সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মনির মালের ছেলে। অপর নিহত অটোরিকশাচালকের নাম ইসমাইল। তিনি নাটোরের বাসিন্দা।
মোটরসাইকেল চালক রাকিবসহ আরো একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত বারোটায় দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিক্সার সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে রিকশাটি দ্বিখন্ডিত হয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক সমুদ্র মাল ও রিক্সাচালকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ছাত্রদল নেতা নিহতের খবর ছড়িয়ে পড়ারপর পরই শহরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচল নিষিদ্ধের দাবি তোলেন স্থানীয়রা।