POPULAR BD NEWS
Popular BD News Logo

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: নির্বাচন কমিশনার মাছউদ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৯, ২০২৫ | সময়: ৭:২৪ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না।

আজ সোমবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫: পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নির্বাচন কমিশনার।

আবদুর রহমান মাছউদ আরও বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছে এবং কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। যত দিন এই স্থগিতাদেশ প্রত্যাহার না হচ্ছে, তত দিন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনার আরও বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন