হাজীগঞ্জে স্থানীয় সরকার কৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সড়কগুলোর বেহাল দশা। রাস্তা নির্মাণ শেষে সংশ্লিষ্টদের তদারকি না করা, চলতি বছরের অতিবৃষ্টি অনাবৃষ্টি, সড়কের ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি মালামাল নিয়ে যন্ত্রযানের চলাচল, সড়ক সংলগ্ন জমিতে পুকুর নির্মাণ, সড়ক সংলগ্ন পুকুর কিংবা খালে মাটি খেকো মাছ চাষ, সড়কের পাশের কৃষি জমিতে পানি সেচ করা আর সড়কে চলাচলকারী জনগণের অসচেতনতা ইত্যাদি কারণে সড়কগুলো নষ্ট হচ্ছে।

সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এলজিইডি নির্মিত পাকা সড়ক রয়েছে প্রায় ২শ’ কিলোমিটার। কাঁচা-পাকা সড়ক রয়েছে ৫৬৮.৯৭ কিলোমিটার। ইটের সলিংয়ের রাস্তা রয়েছে ১৩.৩৮ কিলোমিটার। মাটির রাস্তা রয়েছে ৩৪৫.৯৫ কিলোমিটার। এই ৩৪৫.৯৫ কিলোমিটার সড়কের ৫০ কিলোমিটার চলিত অর্থ বছরে পাকাকরণের কাজ হবে। বন্যা ও বন্যা পরবর্তী ম্যান্টেনেন্সের কাজের জন্য প্রায় ৯ কিলোমিটার চাহিদা দেয়া হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বাকিলা ইউনিয়নের দেবপুর-রাজারগাঁও সড়কে ১ বছরের অধিক সময় পূর্বে কার্পেটিং হয়েছে। বেশ কিছু স্থানে রাস্তা নষ্ট হয়ে গেছে। এর মধ্যে দক্ষিণ শ্রীপুর মুন্সি বাড়ির সামনে রেইনট্রি গাছের মূল উপড়ে যাওয়ার সড়কের অর্ধেকে কার্পেটিং দেবে গেছে। একই সড়কের শ্রীপুর পাটোয়ারী বাড়ির মূল ফটকের বিপরীত পাশে মেহগনি গাছের মূল উল্টে প্রধান সড়কের অনেকখানি অংশ মজুমদার বাড়ির খালে চলে গেছে। একইভাবে বাকিলা-চেঙ্গাতলি সড়কের সংযোগ রক্ষাকারী বাখরপাড়া-নওহাটা ফাজিল মাদ্রাসা সড়কে বাখরপাড়া মাসুদ মেম্বারের বাড়ির সামনে জনৈক ব্যক্তি পানি সেচ দিয়ে এলজিইডি সড়কের প্যালাসাইটিংসহ মূল সড়ক নষ্ট করে ফেলেছে। যার কারণে সড়কের এ অংশের উত্তর পাশ দেবে গিয়ে সড়কে বিশালাকৃতির লম্বা গর্তের সৃষ্টি হয়েছে।
এছাড়াও উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রধান সড়ক এনায়েতপুর-মোহাম্মদপুর-মালিগাঁও-ডাটরা সড়কের প্রায় অর্ধেক অংশ নষ্ট হয়ে গেছে। এছাড়া মোহাম্মদপুর চৌরাস্তা থেকে মোহাম্মদপুর মুন্সী বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার, মোহাম্মদপুর চৌরাস্তা থেকে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের বেশিরভাগ অংশে কার্পেটিং ও খোয়া উঠে গিয়ে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এই ইউনিয়নের হরিপুর এলাকার এলজিইডি সড়কের একই অবস্থা।
হাটিলা পশ্চিম ইউনিয়নে এলজিইডি নির্মিত প্রায় ৭ কিলোমিটার সড়কের ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা। খারাপ রয়েছে কাঁঠালী-বাদামতলী-দিঘিরপাড় সড়ক এবং পাতানিশ-ধড্ডা-দিঘিরপাড় সড়কের বেশিরভাগ অংশ।
হাজীগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) মঞ্জরুল আলম জানান, ভারী যানবাহন চলাচলের কারণে সড়কগুলো নষ্ট হচ্ছে। সড়ক রক্ষণাবেক্ষণের নিয়মগুলো কেউ না মানার কারণে সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তবে আমাদের বার্ষিক ম্যান্টেনেন্সের কাজের মাধ্যমে নিয়মিত উন্নয়ন অব্যাহত রয়েছে।
