POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের প্রবাসীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫ | সময়: ৫:৩৮ অপরাহ্ণ

সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামে বাংলাদেশি এক গাড়ী চালক নিহত হয়েছেন।

২১ এপ্রিল (সোমবার) বাংলাদেশ সময় ভোর ৫ টার দিকে এঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তাঁর চাচাতো ভাই মো. পারভেজ মোশারফ।

পারভেজ মোশারফ বলেন, মিজানুর রহমান সৌদি আরবে পণ্য পরিবাহনের গাড়ী চালাতেন। প্রতিদিনের ন্যায় রবিবার ( ২০ এপ্রিল ২০২৫) সৌদি আরবের সময় রাত ২টার দিকে গাড়ীতে মালামাল লোড করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এসময় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা সোমবার (২১ এপ্রিল ২০২৫) দুপুরে তাঁর মৃত্যুর বিষয়টি জেনেছেন। তাঁর লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। পারভেজ মোশারফ আরও বলেন, গত ২১ বছর যাবত মিজানুর রহমান সৌদি আরবে জীবিকার তাগিদে বসবাস করছেন। সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামের মৃত্যুর বিষয়টি জেনেছি। বিষয়টি দুঃখজনক। তিনি এ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। তাঁর মরদেহ দেশে আনার জন্য সার্বিক সহযোগীতা করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন