POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইউসুফ গাজীকে শুক্রবার (১৮ এপ্রিল) দিনগত রাতে শহরের মুখার্জিঘাটের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে গ্রেফতার হন ওয়ার্ড যুবলীগের দুই নেতা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী ও হজু ব্যাপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী গ্রেফতার হয়েছেন মাদক মামলায়। গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন