POPULAR BD NEWS
Popular BD News Logo

আশুলিয়া থানায় হট্টগোল করা সেই ‘পিয়ন’ শাহরাস্তি থেকে গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৭, ২০২৫ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে ঢাকার আশুলিয়া থানার নবাগত ওসির রাজনৈতিক পরিচয় জানতে আসা এবং অসদাচরণকারী ভাইরাল যুবক সুমন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

গ্রেপ্তার সুমন মিয়া চাঁদপুরের শাহরাস্তি থানার চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে। তিনি আশুলিয়ার বাসাইদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় গিয়ে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ‘ছাত্রলীগের ওসি’ বলে বিব্রত করার চেষ্টা করেন সুমন। এ সময় ওই যুবক দাবি করেন, বিএনপি অফিস থেকে তাঁকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পরে ভিডিওটির বিষয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ওই যুবক বিএনপির কেউ নন। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে কথাও বলেন। সেইসঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার রিমান্ড আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হবে। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন