POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুলে ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্তে পরিবর্তন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৪, ২০২৫ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত হলো জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। আর এটি কেবল চলতি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

৩ মার্চ জারি করা এক অফিস আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে ২০ ফেব্রুয়ারি জারি করা আদেশ বাতিল করে নতুন এই আদেশ জারি করা হয়েছে।

আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা ছিল। কিন্তু ২০ ফেব্রুয়ারির আদেশের মাধ্যমে এই ৫ শতাংশের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও যুক্ত করার কথা বলা হয়েছিল।

নতুন আদেশে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা এককালীন হবে। এটি ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে, তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি কোনোভাবেই কোটার সঙ্গে তুলনীয় নয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন