POPULAR BD NEWS
Popular BD News Logo

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি কচুয়ার কৃতি সন্তান মামুন মোল্লা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ৯:৫২ পূর্বাহ্ণ
চাঁদপুর জেলার কচুয়ার কৃতি সন্তান মো. মামুনুর রশীদ মোল্লা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন।
তিনি গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই দায়িত্ব গ্রহণ করেছেন।  মো. মামুনুর রশীদ মোল্লা বাংলাদেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে, তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBAC) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTBL) এবং ন্যাশনাল ব্যাংক (NBL)-এ শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের নতুন এমডি ও সিইও হিসেবে মো. মামুনুর রশীদ মোল্লার লক্ষ্য হবে প্রতিষ্ঠানটির বৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। যা কর্পোরেট ও খুচরা খাতে বিনিয়োগ ও আর্থিক সেবা প্রদান করে আসছে।
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কৃতি সন্তান মো. মামুনুর রশীদ মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নয়ন, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শুভাকাঙ্ক্ষীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মামুনুর রশিদ মোল্লাকে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের এমডি পদে দায়িত্ব পাওয়ায় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতি সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন