POPULAR BD NEWS
Popular BD News Logo

ময়মনসিংহে বালু লুটের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫ | সময়: ৬:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের বালু লুট করার অভিযোগে গ্রেপ্তার ছাত্রদলের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ছাত্রদল নেতার নাম মো. সামী পাটোয়ারি ওরফে জনি (৩৯)। তিনি নগরের থানাঘাট এলাকার মৃত আজিজ পাটোয়ারির ছেলে। সামী পাটোয়ারি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

সামীকে বহিষ্কার করার বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সামী পাটোয়ারিকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর (সামী পাটোয়ারি) সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়।

২৭ জানুয়ারি সামী পাটোয়ারির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন চর ঈশ্বরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম। মামলায় তিনি উল্লেখ করেছেন, অবৈধ বালু বিক্রয়ের সংবাদের ভিত্তিতে চরকালীবাড়ি পাওয়ার স্টেশন–সংলগ্ন স্থানে ২৬ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে যাওয়া হয়। তখন সামী পাটোয়ারি ও তাঁর ৫-৬ জন সহযোগী ব্রহ্মপুত্র নদ খনন করে বিআইডব্লিউটিএর তোলা বালু কোনো প্রকার বৈধ অনুমোদিত কাগজপত্র ছাড়াই খননযন্ত্রের মাধ্যমে ট্রাক দিয়ে লুট করে নিচ্ছিল। সে সময় সামরিক বাহিনী ও পুলিশের যৌথ অভিযানকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সামী পাটোয়ারিকে আটক করে। এ সময় দুটি ট্রাক ও একটি খননযন্ত্র জব্দ করে পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ জানুয়ারি সামী পাটোয়ারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শরিফুল ইসলাম বলেন, সরকারিভাবে স্তূপ করে রাখা বালু সরিয়ে নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘যৌথবাহিনীর হাতে সামী পাটোয়ারি আটকের পর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা অভিযোগের সত্যতা যাচাই করি। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সামী পাটোয়ারি ছাত্রদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলেরও যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ধরনের অপকর্ম দল কখনো সমর্থন করে না। ব্যক্তির দায় দল নেবে না। এ ধরনের ঘটনায় দল সব সময় কঠোর ভূমিকায় থাকবে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, সরকারি বালু লুট করার অভিযোগে আটক করার পর সামী পাটোয়ারিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন