POPULAR BD NEWS
Popular BD News Logo

কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হলেন সেনাবাহিনী প্রধান

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫ | সময়: ১:৫৬ অপরাহ্ণ

সেনাবাহিনীর সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম ‘দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের’ (ইবিআরসি) শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাঁকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এর পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন। এ সময় সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠান শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ-বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন