চাঁদপুরে জাহাজে সাত খুনের মাস্টার মাইন্ড আকাশ মন্ডল ওরফে ইরফানের রিমান্ডে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। তার একজনের পক্ষে সাতজনকে হত্যা করা সম্ভব না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কোহিনুর বেগম।
মঙ্গলবার দুপুরে ইরফানকে চাঁদপুর জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনজীবী আদালতে ইরফানের জবানবন্দির বরাত দিয়ে বলেন, আকাশ মন্ডল ওরফে ইরফান সাত খুনের ঘটনার সম্পৃক্ততা স্বীকার করে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছে।
এর আগে জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত গেলো বুধবার সন্ধ্যায় তাকে সাত দিনের রিমান্ড দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হাইমচরের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালাম খাঁন।
এরআগে কুমিল্লা র্যাব-১১ চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে হস্তান্তর করে। ওইসময় নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান গ্রেফতারকৃত আসামী ইরফানকে বুঝে নেয়। পরে তাকে চাঁদপুর আদালতে তোলা হলে জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড চান পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
গেলো মঙ্গলবার রাতে জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার সার বোঝাই আল বাখেরা জাহাজে সাতজনের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আহত জুয়েল এখনও চিকিৎসাধীন রয়েছে।