ভারত বন্ধুত্বসুলভ আচরণ খারাপ করছে, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি মঙ্গলবার দুপুরে চাঁদপুরে নির্মাণাধীন আধুনিক নৌ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। কিন্তু উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনদিন ওই দেশমুখী হবে না। বাংলাদেশকে এভাবে হেনস্থা করতে থাকলে মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়।
উপদেষ্টা আরও বলেন, ভারত যা করছে কোন কারণ নেই এসব করার। আমাদের দেশে অন্য ধর্মালম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।
তিনি আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে যা অনিয়ম-চুরি হয়েছে, সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়। যার কারণে আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি। অনিয়ম পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্লাক লিস্টে রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ আরো অনেকই।