POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪ | সময়: ৯:৪৭ পূর্বাহ্ণ

ঢাকার ধামরাইয়ের কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে তৈরি পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন।

 

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের সানোড়া ইউনিয়নের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

 

তবে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার খবুর উদ্দিনের মেয়ে নিপা আক্তার (২৮) ও একই ইউনিয়নের বড় জেঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীর নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে বাস চালক ছানোয়ার হোসেনের (৩৮) অবস্থা আশঙ্কাজনক। তিনি বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার আওলাদ ফকিরের ছেলে।

 

পুলিশ জানায়, রাতে খাগুর্তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ১৫-২০ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে খাগুর্তা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি। নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তবে কতজন আহত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। নিহতদের বিস্তারিত পরিচয়ও এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

 

সূত্র : যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন