POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিককে শোকজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪ | সময়: ২:২৮ অপরাহ্ণ

প্রবাসী একজন সাংবাদিকের অনুরোধে জায়গা-জমির বিরোধের মীমাংসা নিয়ে বিতর্ক সৃষ্টির পর শোকজ করা হয়েছে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে শোকজের চিঠি দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী।

রোববার (৮ সেপ্টেম্বর) শোকজের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত  করেছেন ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, কিছুদিন আগে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ফোন করেছিলেন। তিনি অনুরোধ জানিয়েছিলেন যে, তার চাঁদপুরের বাড়ির জায়গা কে বা কারা দখল করছে, বিষয়টি যেন আমি দেখি। আমি তার বাড়িটি চিনি। সেই পথ দিয়ে আমার যাতায়াত ছিল।

তিনি আরো বলেন, জুলকারনাইনের অনুরোধে আমি আমাদের জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক কমিশনার শাহজাহানকে ফোন করে বিষয়টি দেখার অনুরোধ জানাই। তারই প্রেক্ষিতে গত শুক্রবার আমার বাড়িতে জুলকারনাইনের চাচা খুরশীদ সাহেবসহ দুই পক্ষ আসে।

বিএনপির এই নেতা বলেন, তাদের কাছ থেকে জানতে পারি, এই জমিগুলো নিয়ে আদালতে মামলা চলমান আছে। তাছাড়া ওইদিন জুমার নামাজের পর আমাদের ছাত্রদলের এক নেতার বাবার জানাজা ছিল। তারই প্রেক্ষিতে আমি উনাদের বলি, আপনার এখন চলে যান। কারণ বাড়ি থেকে জানাজার স্থান দূরে হওয়ায় সেখানে যাওয়ার প্রস্তুতির বিষয় ছিল আমার। কিন্তু খুরশীদ সাহেব জুলকারনাইনকে বলেছেন- আমি নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তাদের জায়গা নাকি দখল করে নেওয়ার হুমকি দিয়েছি।

এসব বিষয় নিয়ে জুলকারনাইন ফেসবুকে পোস্ট দিয়েছেন জানিয়ে মানিক বলেন- আমি মনে করি, জুলকারনাইন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করেননি। তিনি তার চাচার কাছ থেকে ভুল কিছু শোনে এটা করেছেন।

দল আমাকে শোকজ নোটিশ দিয়েছে এটা নিয়ে আমি চিন্তিত নই। কারণ আমি কোনো অন্যায় করিনি। আজকালের মধ্যে শোকজের জবাব দেবো। আশা করছি, দল বিষয়টি বুঝতে পারবে।

 

সং

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন