POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে ফিরলেন ৪০ হাজার ১১৫ হাজি, মৃতের সংখ্যা বেড়ে ৫৭

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৪:৫০ অপরাহ্ণ

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৪০ হাজার ১১৫ হাজি। সঙ্গে এসেছে আরও এক হজযাত্রীর মৃত্যুর খবর। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

 

হজ পালনে গিয়ে মৃতদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মারা গেছেন ১৭ জন। বাকি ৪০ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ জনের পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল। সবশেষ ২৯ জুন মারা যান সৈয়দ লিয়াকত আলী (৬৭) নামে এক বাংলাদেশি হাজি। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের ওই দেশেই দাফন করা হয়েছে।

 

মঙ্গলবার ভোরে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১০২টি ফ্লাইটে এই হাজিরা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করে।

 

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে এবার মোট ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন