POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দাদী-নাতী হত্যার ঘটনায় আরেক নাতীনের দেবর জেল হাজতে!

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১, ২০২৪ | সময়: ৮:১৫ অপরাহ্ণ
হাজীগঞ্জে প্রবাসী ইউসুফের মা হামিদুন্নেসা ও ছেলে আরাফাত হোসেন হত্যার ঘটনায় সন্দেহজনক আসামী আলমকে আটক করেছে র‌্যাব।
এই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১ জুন) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান।
আসামী আলম (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের পশ্চিম রাধাসার গ্রামের ছাড়া বাড়ির আব্দুল হামিদের ছেলে।
এর আগে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (৩১ মে) বিকেলে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-১১। গত ২৭ মে সোমবার দিনগত রাতে ওই গ্রামের বকাউল বাড়ির নিজ ঘরে হত্যার শিকার হন হামিদুন্নেসা ও আরাফাত হোসেন। এই ঘটনার পর থেকে আলম পলাতক ছিলেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, র‌্যাবের হাতে গ্রেফতার আলমকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম মুখ খোলেনি। এ জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত সোমবার (২৭ মে) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নিজ ঘরে প্রবাসীর মা হামিদুন্নেসা, ছেলে আরাফাত ও মেয়ে হালিমা আক্তার মিমকে (১৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে হামিদুন্নেসা ও হাসপাতালে নেওয়ার পথে আরাফাত হোসেন মারা যান এবং গুরুতর আহত হালিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন