POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৭, ২০২৪ | সময়: ২:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামে নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বেলঘর-নোয়াপাড়া সড়কের হাটখোলা বাড়ির পাশের খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় হোসেন বেপারী জানান, রাতে খালে কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

লাশটি উদ্ধারের পর স্থানীয়রা কেউ সনাক্ত করতে পারেনি। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ শুক্রবার সকালে জানান, ওই নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। রাতেই ঘটনাটি তদন্তের জন্য হাজির হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের উপ-পরিদর্শক শামীম আহমেদ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে জানান, ধারণা করা হচ্ছে তিনদিন ধরে লাশটি এই খালে পড়ে আছে। স্থানীয়রা কেউ যেহেতু লাশটির পরিচয় জানেন না, তাহলে সন্দেহ থাকছে। কেউ মেরে এখানে ফেলে গেছে কিনা তদন্তের মাধ্যমে সেটি বের করা হবে। এদিকে পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, নারীর মৃতদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। তার পরিচয় সনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট নেয়া পর্যন্ত সম্ভব হয়নি। তারপরও তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন