শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ শ্লোগানে চাঁদপুরে মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বশির আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) ইয়াসিন আরাফাত সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। মে দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বশির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের শ্রমিক নেতারা বিভিন্ন দাবি তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা যারা যেসব সমস্যার কথা বলেছেন তা সমাধান করা সম্ভব। শ্রমিক-মালিকের সমন্বয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। ১৮৮৬ সালের আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আনন্দোলন করে ছিল শ্রমিকরা। এটি হলো শ্রমিকদের দাবি আদায়ের দিবস। বিয়ের জন্য একটা বয়স নির্ধারণ করে দেয়া আছে। তেমনি গাড়ি চালানোর জন্য চালকেরও বয়স নির্ধারণ করা আছে। অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো থেকে বিরত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।