POPULAR BD NEWS
Popular BD News Logo

৪৯৫ টাকা কেজিতে বাংলাদেশকে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪ | সময়: ৪:১৩ অপরাহ্ণ
দুই দিনের সফরে আগামী রোববার (৭ এপ্রিল) ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এ সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে রয়েছে ব্রাজিলের গরুর মাংস রপ্তানি।

ঢাকা ও ব্রাজিলের কূটনৈতিক সূত্র সাংবাদিকদের জানান, মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে গত মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় তুলেছেন।

গত বছর বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করেছিল ব্রাজিল। দেশটি গত কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছে। এক্ষেত্রে প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে অর্থাৎ ৪৯৫ টাকা করে বাংলাদেশকে দিতে চায় লাতিন আমেরিকার এই দেশটি।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সে দেশের গরুর মাংস রপ্তানিকারক সমিতির একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে। দুই দিনের সফরে মাউরো ভিয়েরা রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এএসসি/পবন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন