মহান স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের স্মরণ করছে জাতি। দিবসটি উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়াও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।
আজ মঙ্গলবার ভোর ৫টা ৫৭ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।
পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রথম সারির নেতারা। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
পরে সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ।