জানা গেছে, বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় একটি মদের ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি ক্রিকেটার।
তবে, জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অনুমতি থাকলে, লোগো না লাগানোর কারণে এই নির্দিষ্ট স্পন্সরের অর্থ পাবেন না তিনি। গুঞ্জন আছে, আইপিএলে অংশগ্রহণ করা সকল মুসলিম খেলোয়াড়দের জার্সিতেই অ্যালকোহল জাতীয় স্পন্সর কোম্পানির লোগো থাকবে না।
বিশ্ব ক্রিকেটে এরকম নজির এর আগেও দেখা গেছে। যে কাতারে আছেন হাশিম আমলা, মইন আলীসহ বিশ্বের নামকরা সব মুসলিম ক্রিকেটার। এবার সেই খাতায় নিজের নাম লেখালেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
এদিকে, আগুনঝরানো বোলিংয়ের দিনে মাইলফলকও স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিজ। এএসসি/পবন