ওমানে অগ্নিকান্ডে নিহত চাঁদপুরের শাহরাস্তির হোসেন মিয়াজীর (২২) বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র পুত্র সন্তান ও পরিবারের একমাত্র আয়ের উৎসকে হারিয়ে নির্বাক পিতা আব্দুস সালাম (৭০)। মা নুরজাহানের গগণ বিদারি চিৎকারে ভারি আশপাশের পরিবেশ।
নিহত হোসেন মিয়াজী ওমানের উত্তরাঞ্চলীয় শহর বুরাইমির একটি সোফা কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার (১১ মার্চ) ভোর রাতে ওই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডে নিহত হয় হোসেন মিয়াজী।
সে শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজমেহার গ্রামের যুগী বাড়ির আব্দুস সালামের একমাত্র ছেলে। পরিবারের স্বচ্ছলতার আশায় এনজিও থেকে ঋণ নিয়ে ২০১৯ সালে বিদেশ পাঠানো হয় তাকে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ঋণের দায় কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি।
বৃহস্পতিবার বিকেলে তার গ্রামের বাড়ীতে গিয়ে দেখা মিলল মা ও বোনেরা আহাজারি। তার বাবা আব্দুস সালামের ৮ লক্ষ টাকা ঋণ রয়েছে।
হোসেনের ছোট বোন মরিয়ম আক্তার জানান, নিজের ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শ্বশুর বাড়ি এলাকার এনজিও থেকে ঋণ এনে দিয়েছেন। একটি দুর্ঘটনা তাদের সবাইকে পথে বসিয়ে দিলো।
পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান জানান, এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃতদেহ দেশে আনতে পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।