POPULAR BD NEWS
Popular BD News Logo

ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিকের কারাদণ্ড: সুষ্ঠু তদন্তের ওপর জোর তথ্য প্রতিমন্ত্রীর

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৪ | সময়: ২:৪৫ অপরাহ্ণ
দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলার সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পাশাপাশি তিনি বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে প্রধান তথ্য কমিশনার মো. আবদুল মালেকের সঙ্গে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি বিষয়টির খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের ওপর জোর দেন।

তথ্য কমিশনার আবদুল মালেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী এ বিষয়ে তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক আজ রোববার শেরপুরের নকলাসহ সংশ্লিষ্ট এলাকায় যাবেন। কাল সোমবার তথ্য কমিশনে তাঁর প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

৭ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত খবর তথ্য কমিশনের নজরে আসে। এর প্রেক্ষাপটে কমিশন তথ্য অধিকার আইন অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলমকে দায়িত্ব দেয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেরপুরের নকলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দেন। পরিবারের অভিযোগ, তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চেয়ে আবেদন করেছিলেন শফিউজ্জামান। এর জেরে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। এএসসি/পবন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন