বয়স মাত্র ১৫ দিন তারা জমজ দুই ভাই। তাদের বয়স যখন ১২ দিন তখন তাদের বাবা ইমন হোসেন (২৭) হত্যার শিকার হন। দুই বছর বয়সী বড় ভাইসহ মাকে নিয়ে ফুফুদের কোলে করে মানববন্ধনে আসনে জমজ দুই ভাই। দাবী একটাই বাবা হত্যার বিচার। এ সময় কান্না করতে করতে স্বামী হত্যার বিচার চাইলেন তিন শিশুর মা হত্যার শিকার ইমনের স্ত্রী রহিমা বেগম।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিন গ্রামের লোকদের সংঘবদ্ধ হামলায় হত্যার শিকার হন হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে ইমন হোসেন।
হত্যার বিচারের দাবীতে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের জনতা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দা ও ইমনের স্বজনরা। মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে রুপ নেয়।
মানববন্ধনটি স্থানীয় জনতা বাজার থেকে শুরু হয়ে টেকের বাজার ও ইছাপুরা গ্রাম প্রদক্ষিন শেষে জনতা বাজারে এসে শেষ হয়। এতে প্রায় সহস্রাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেয়। মিছিল শেষে স্থানীয় সাবেক ইউপি সদস্য কালা মানিকসহ বেশ কয়েকজন বক্তব্য দেন।
মানববন্ধনে অংশ নেয়া ছয়শতাধিক নারী পুরুষ ইমন হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।
নিহত ইমনের স্ত্রী বলেন, তার তিনটি শিশু সন্তানকে যারা পিতৃহীন করেছে, তাদের ফাঁসি চান।
গেলো শুক্রবার সন্ধ্যায় রাজারগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি তারেক আজিজের নেতৃত্বে তিনটি সিএনজি যোগে এসে ১৫ থেকে ২০ জনের একটি দল বাকিলা ইউনিয়নের জনতা বাজারে ইমনের উপর হামলা করে। জীবন বাঁচাতে ইমন ডোবায় ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা হয় নি তার। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। সিসিফুটেজ সংগ্রহ করা হয়েছে। তারেকসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।