POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে ৪ গাড়ির সংঘর্ষে আহত ৫

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ | সময়: ২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

 

টানেল কর্তৃপক্ষ জানায়, গত সন্ধ্যায় একটি মাইক্রোবাস পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে আরও দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও টানেলের ভেতরের টিউবের পাশে আঘাত হানে। এতে টিউবের ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

 

দুর্ঘটনার পর টানেলের নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এমদাদ (৩৬) নামের একজনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত অপর আহতদের নাম জানা যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনার পর চারটি গাড়ি জব্দ করি এবং আহত পাঁচজনকে হাসপাতালে পাঠাই।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন