POPULAR BD NEWS
Popular BD News Logo

ভোট চাইতে আজ শ্বশুরবাড়ি গিয়েছেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩ | সময়: ৫:০৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী সফরে আজ মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন। বিকেল ৩টার দিকে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর।

এ ছাড়া শেখ হাসিনা নিজ বাসভবন লালদীঘি ফতেহপুর এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে স্বামী এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করবেন।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে স্বামীর কবর জিয়ারতের পর নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন। এরপর বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন।
তাজিমুল ইসলাম আরো জানান, শেখ হাসিনাকে বরণ এবং জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ।

গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরের আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বয়ে দুই লক্ষাধিক মানুষের ঢল নামবে জনসভায়।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে শনিবার রাত থেকে এসএসএফ, এনএসআই, ডিজিএফ, সেনাবাহিনী, বিডিআর, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তাকর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর পীরগঞ্জে একই মাঠে জনসভা করেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মিসভা করেন।
প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে গোটা উপজেলায় সাজ সাজ রব, চলছে পোস্টারিং, মাইকিংসহ প্রচারণা। শেখ হাসিনার জনসভা সফল করাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিজয়ী করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতারা বর্ধিত সভা করেছেন।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন