POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ | সময়: ৬:০৮ অপরাহ্ণ

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

এর আগে ভোর ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতিসহ বিশিষ্টজনরা।
এই পর্ব শেষে কর্মসূচি অনুযায়ী গণভবনে মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে।
সূত্র: ঢাকা পোস্ট
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন