POPULAR BD NEWS
Popular BD News Logo

৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩ | সময়: ৫:২৫ অপরাহ্ণ

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকালে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৪৯টি বাস, ৩৯টি ট্রাক, ২০টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অন্যান্য ২২টি গাড়ি রয়েছে।

এদিকে, বিএনপি-জামায়াতের নবম দফার অবরোধ ঘোষণার পর ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে চারটি, গাজীপুরে পাঁচটি, সিলেট একটি ও দিনাজপুরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় পাঁচটি বাস, তিনটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

সূত্র: আরটিভি নিউজ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন