মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এ নিয়ে ড. শামছুল হক ভূঁইয়া চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনসহ ২টি আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। চাঁদপুরে সাবেক-বর্তমান অনেক মন্ত্রী-এমপি এবং কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা থাকলেও একমাত্র শামসুল হক ভূঁইয়া দুই আসনে মনোনয়ন চাইলেন।
হঠাৎ করে কেন চাঁদপুর-৪ আসেনর পাশাপাশি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী- এমন প্রশ্নের জবাবে ড. শামছুল হক ভূইয়া বলেন, ‘আমি যে কোন আসন থেকেই নির্বাচন করতে আগ্রহী। আমি চাঁদপুর-৪ আসনের আগে ২০০১ সালে দলীয় প্রতীকে চাঁদপুর-৩ আসনে নির্বাচন করেছি। কিন্তু ওই নির্বাচনে ষড়যন্ত্রের কারণে পাশ করিনি। এরপর দলীয় মনোনয়ন পেয়ে চাঁদপুর-৪ আসনে সংসদ সদস্য হয়েছি। এখন প্রধানমন্ত্রী আমাদের নেত্রী যেখানে আমাকে দিবেন, আমি সেখানেই নির্বাচন করবো। চাঁদপুর-৪ আসনে অনেক মনোনয়ন ফরম জমা পড়েছে। নেত্রী এখন নির্ধারণ করবেন কোথায় নির্বাচন করবো।’
শামছুল হক ভূঁইয়া আরও বলেন, ’আমি জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ছিলাম। এখন যারা চাঁদপুর-৩ আসনে মনোনয়ন চান, আমি তাদের আগে থেকেই এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি। এছাড়া আমার কোন প্রতিক্রিয়া নেই। নেত্রী যা সিদ্ধান্ত নিবেন, তাই মেনে নিব।’