POPULAR BD NEWS
Popular BD News Logo

৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী ফ্রন্ট

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ | সময়: ৮:৫১ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব স উ ম আবদুস সামাদ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দেবে। ফলে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হবে। দেশের সার্বিক অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে, তেমনি দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। এ প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের সুফিবাদি জনতার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেবে।

আবদুস সামাদ বলেন, আগামীকাল ২০ নভেম্বর থেকে দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান এম এ মতিন। এ সময় দেশের বৃহত্তর স্বার্থে আবারও বৃহৎ দুই রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তিনি।

নির্বাচন সুষ্ঠু হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আবদুস সামাদ বলেন, ‘আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে। অতীত নির্বাচনে কী হয়েছে সেটা চিন্তা করে লাভ নেই। ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি।’

এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ৮ দফা দাবি তুলে ধরেন তিনি। এছাড়া ঋণখেলাপি, অর্থ পাচারকারী ও কালো টাকার মালিক কেউ প্রার্থী হলে তার প্রার্থিতা বাতিলেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, প্রেসিডিয়াম মেম্বার আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মাঈনউদ্দীন, সৈয়দ মোজাফফর আহমদ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান কাজী মোবারক হোসেন ফরাজী প্রমুখ।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন